নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বাঁধেরহাট বাজারে ওই কর্মসূচি পালন করা হয়। মিছিলকালে বাজার এলাকায় পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তারা সংখ্যায় বেশি হওয়ায় মিছিলকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনটির স্থানীয় নোয়ান্নই ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বিকেল চারটার দিকে সংগঠনটির হাজারো নেতাকর্মী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারা এ সময় সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। মিছিলকারীরা এ সময় মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এর আগে দুপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজার খানেজ নেতাকর্মী দুপুরে বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হন।
নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বলেন, মিছিলের খবর পেয়ে তারা আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করেছেন। এ কারণে যখন বিক্ষোভ করার কথা, তখন তারা করতে পারেনি। পরে তারা বিকেলে বাজারের বাহিরে মিছিল করেছে। মিছিলকারীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















