পাবনায় নতুন বিসিক শিল্পনগরীর উদ্যোগ, হতে পারে ২০০ একর জমিতে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
পাবনায় কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়ন ত্বরান্বিত করতে আরও ২০০ একর জমিতে নতুন একটি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
শুক্রবার (৫ জুন) বিকেলে ঈশ্বরদীর জয়নগরে মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, পাবনার বর্তমান বিসিক শিল্পনগরীতে আর কোনো খালি জায়গা নেই। তাই নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও ২০০ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দ্রুত কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে বলেও জানান তিনি।
লিচু সংরক্ষণ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাবনার এই অঞ্চলের মানুষের সঙ্গে কৃষির গভীর সম্পর্ক রয়েছে। লিচুর অপচয় রোধ ও বাজারজাতকরণ সহজ করতে সম্ভাব্যতা যাচাই শেষে প্রয়োজন হলে হিমাগার স্থাপন করা হবে। পাশাপাশি ফল সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশের কৃষি উৎপাদনের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বছরে প্রায় ৪ কোটি টন চাল উৎপাদন করছে এবং পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এছাড়া বছরে প্রায় ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হলেও সংরক্ষণ সমস্যার কারণে এর একটি অংশ নষ্ট হয়ে যায়।
বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব এবং জেলা প্রশাসক আমিনুল ইসলাম।




















