বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও তার স্কুলপড়ুয়া মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মাদারখোলা গ্রামের বাসিন্দা খালেদুল ইসলাম এবং তার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে খাদিজা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হলে উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাত হয়। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে মেরিয়াঘোনা এলাকায় পৌঁছান খালেদুল ইসলাম।
বৃষ্টির কারণে পরিবারের অন্য সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে গেলেও খালেদুল ইসলাম ও তার মেয়ে কিছুটা পরে সিএনজি অটোরিকশা থেকে নামেন। বাড়ির দিকে হাঁটার সময় হঠাৎ বজ্রপাত তাদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।
আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে স্বজনরা ভেঙে পড়েছেন। নিহতদের বাড়িতে চলছে কান্নার মাতম।
দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ জানান, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় বৃষ্টির মধ্যে খালেদুল ইসলাম ও তার মেয়ে বজ্রপাতের শিকার হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরা সুলতানা যূথি বলেন, শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে খালেদুল ইসলাম ও তার মেয়ে খাদিজার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, একই সময়ে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় বজ্রপাতে দুটি গবাদিপশুও মারা গেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় খোলা মাঠ, গাছের নিচে ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।




















