যশোর সীমান্তে বিজিবি অভিযান, মাদক- চোরাচালানি পণ্য উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১২০ বার পড়া হয়েছে
যশোর সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৭৪ হাজার ৯৬০ টাকা।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের বিশেষ টহলদল মাসিলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৭৮ বোতল উইনসেরেক্স কাফ সিরাপ, ৯৬টি ইনজেকশন, ১৫১টি ভারতীয় শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল, ১০ কেজি কিশমিশ, তিন কেজি জিরা, ১০১ প্যাকেট ফুচকা, ১৩ প্যাকেট সোনপাপড়ি, এক হাজার ১৯৫টি বিভিন্ন ধরনের চকলেট, ১৩২টি খাদ্যপণ্য এবং এক হাজার ৫৯১টি ভারতীয় কসমেটিকস সামগ্রী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।
বিজিবির অধিনায়ক বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















