রংপুরে বিষাক্ত অ্যালকোহল পানে প্রাণহানি বেড়ে ৫
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার (৩ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুলা মিয়া (৪৫)। তিনি উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধিরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি বিষাক্ত ও মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পান করেন। পরে বাড়ি ফেরার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) মারা যান।
পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চারজনের মৃত্যু হয়। সোমবার মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। মঙ্গলবার মারা যান এরশাদ আলী (৪০)। আর বুধবার দুলা মিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মোট পাঁচজনের প্রাণহানি ঘটল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। কীভাবে বিষাক্ত অ্যালকোহল বাজারে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে।
এ ঘটনায় মিঠাপুকুরজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।





















