বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দেশের বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানার বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত বন্ধ কারখানাগুলো চালু করা এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করার নির্দেশ দেন। একই সঙ্গে এসব কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কর্মকর্তারা জানান, বন্ধ কারখানাগুলো পুনরায় চালু এবং অলাভজনক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টেকসই ও লাভজনক করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়ার প্রক্রিয়া চলছে।
সভায় উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, আশিক চৌধুরী এবং এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের আশা, রোড শোর মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হলে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো নতুন কর্মসংস্থান ও উৎপাদন কার্যক্রমের মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি যোগ করতে পারবে।





















