সিলেটে হামের উপসর্গে চিকিৎসাধীন নার্সের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণী নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত জেরিন সুলতানা (২২) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় রোববার (৩১ মে) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও জেরিন সুলতানাকে বাঁচাতে পারেননি।
তার মৃত্যুর ঘটনায় সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





















