রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সাম্প্রতিক আলোচিত ও ঘৃণ্য অপরাধগুলোর ঘটনায় পুলিশ দ্রুততার সঙ্গে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সাম্প্রতিক যেসব ঘৃণ্য ঘটনা ঘটেছে, প্রতিটি ক্ষেত্রেই পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করেছে। এমন কোনো উদাহরণ নেই যেখানে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি।”
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে শিগগিরই চার্জশিট দাখিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আলোচিত তনু হত্যাসহ দীর্ঘদিন ধরে অমীমাংসিত কয়েকটি মামলাও পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে এবং সেগুলো নতুন করে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পুলিশের সংস্কার কার্যক্রমও চলমান রয়েছে, যদিও কিছু কাজ এখনো বাকি আছে বলে স্বীকার করেন তিনি।
তিনি আরও বলেন, “সরকারের বয়স মাত্র তিন মাস। সীমিত সময়ের মধ্যেই অনেক কাজ শুরু হয়েছে।”
আইন ও বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটলেই আবেগের বশে নতুন আইন বা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা উচিত নয়। আইন প্রয়োগে অপব্যবহারের ঝুঁকি থাকায় বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। আমরা চাই তিনি দেশে ফিরে মামলা মোকাবিলা করুন।”
























