সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
জানুয়ারির মধ্যেই শুরু হবে বগা সেতুর কাজ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলের বহুল প্রতীক্ষিত বগা সেতু নির্মাণ কাজ আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকেই শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের একাধিকবার অনুরোধ ও আমন্ত্রণের পর তিনি সরেজমিনে এসে প্রকল্পটি পরিদর্শন করেছেন। এতে তিনি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে।
জনসভায় বক্তৃতাকালে স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বগা সেতু শুধু বাউফলের নয়, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। তিনি দাবি বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরী বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জনসভা শেষে এলাকাবাসীর পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





















