কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০২:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন থাকলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। নির্বাচনের আগে জনগণের সামনে যেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল, ক্ষমতায় গেলে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত জনতা “কুমিল্লা বিভাগ চাই” স্লোগান দিলে তিনি বলেন, জনগণ যদি এ দাবির সঙ্গে একমত হয়, তাহলে তা বাস্তবায়ন করা হবে।
এর আগে দুপুর সোয়া ১১টার দিকে মঞ্চে পৌঁছালে নেতাকর্মীরা তাকে করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
পথসভা শেষে তিনি চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী তিনি শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।






















