তারেক রহমানের নেতৃত্বে দেশ নিরাপদ থাকবে: তথ্য প্রতিমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও ছায়ায় বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে। তিনি সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। তার নেতৃত্বে দেশের জনগণ নিরাপদ থাকবে এবং সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় কাজ করতে হবে।”
নান্দাইলের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ উপজেলায় মাদক, চাঁদাবাজি, জুয়া, ভূমিদস্যুতা ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। নান্দাইলকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ মডেল উপজেলায় পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়কের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















