সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপি সমর্থিত প্যানেলের
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘নীল প্যানেল’। সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।
অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যের একটি পদে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহসভাপতি পদে জয় পেয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।
অন্যদিকে সাতটি সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
গত ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি ছিল।
























