মাঠ থেকে উদ্ধার এসএসসি পরীক্ষার ৫০টি খাতা, রহস্য ঘিরে জিজ্ঞাসা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে এসএসসি পরীক্ষার ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে রহস্যের।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে মাঠের পাশে খাতাগুলো পড়ে থাকতে দেখে এক যুবক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বড় মাঠের পশ্চিম পাশে ঘোরাঘুরির সময় এক যুবকের চোখে পড়ে কিছু খাতা। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, সেগুলো এসএসসি পরীক্ষার খাতা হতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি দ্রুত পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা খাতাগুলো বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো এগুলোর মালিক বা উৎস শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, কোন পরীক্ষা কেন্দ্র থেকে এসব খাতা এসেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।




















