১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বৈভব সূর্যবংশী। এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন এই তরুণ ব্যাটার।
ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষিত দলে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলবে ভারত ‘এ’ দল। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় পর্যায়ের এই সুযোগ পেলেন বৈভব।
আইপিএলের চলতি মৌসুমে ১১ ম্যাচে ৪৪০ রান করেছেন এই কিশোর ব্যাটার। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার ঝোড়ো শতরান ব্যাপক আলোচনায় আসে। বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার এর আগেও ‘রাইজিং ইন্ডিয়া’ দলের হয়ে খেলেছেন।
ত্রিদেশীয় সিরিজের পর ভারত ‘এ’ দল শ্রীলঙ্কা ‘এ’-র বিপক্ষে দুটি বহুদিবসীয় ম্যাচও খেলবে। তবে সেই সিরিজের দল পরে ঘোষণা করা হবে।
এই সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন রিয়ান পরাগ।
দলে আরও রয়েছেন প্রিয়াংশ আর্য, আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং, কুমার কুশাগ্র, বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুবধীর সিং, অংশুল কাম্বোজ ও আরশাদ খান।
ত্রিদেশীয় সিরিজে ভারত রাউন্ড রবিন পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ৯ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে ভারত। গ্রুপ পর্ব শেষ হবে ১৯ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুন।
সীমিত ওভারের ম্যাচগুলো ডাম্বুলায় এবং বহুদিবসীয় ম্যাচগুলো গলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত ‘এ’ দল:
তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুবধীর সিং, অংশুল কাম্বোজ ও আরশাদ খান।
























