সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এলাকায় জলাতঙ্ক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফরোজা বেগম (৫০)। তিনি উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার।
স্থানীয় সূত্র জানায়, গত ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ী ও পাশের ছাপরহাটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর হামলা চালিয়ে নারী-শিশুসহ অন্তত ১৩ জনকে আহত করে।
এর মধ্যে গত ৬ মে মারা যান নন্দা রানী ও ফুলু মিয়া। পরে ৮ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতনেশ্বর কুমার। সর্বশেষ মঙ্গলবার মারা গেলেন আফরোজা বেগম।
বর্তমানে আরও নয়জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
নিহতদের স্বজনরা অভিযোগ করেন, কুকুরে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় র্যাবিস প্রতিরোধী টিকা না থাকায় সময়মতো চিকিৎসা শুরু করা যায়নি। অনেক ক্ষেত্রে বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে ঘুরে উচ্চমূল্যে টিকা সংগ্রহ করতে হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় আতঙ্ক আরও বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য তাজরুল ইসলাম বলেন, “সময়ে টিকা পেলে হয়তো এই মৃত্যুগুলো এড়ানো সম্ভব হতো।”
এদিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ছিল না। তবে এ মাসে ৩০টি ভ্যাকসিন কেনার জন্য বরাদ্দ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, “সময়ে টিকা নিলে জলাতঙ্ক প্রতিরোধ সম্ভব।”
এ ঘটনায় গাইবান্ধাজুড়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।





















