ইকবাল হাসান মাহমুদ
নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি বলেছেন, দেশে থাকা প্রাকৃতিক সম্পদ জনগণের সম্পদ। তাই দেশের উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব সম্পদ আহরণ করে ব্যবহার বাড়াতে হবে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব? বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশীয় খনিজ সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর ব্যবস্থা তৈরি করেছিল। বর্তমান সরকার জনগণের সরকার হিসেবে দেশীয় সম্পদ আহরণ ও ব্যবহারে গুরুত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি জ্বালানি নীতি বাস্তবায়নে কাজ করছে, যেখানে জনগণের স্বার্থ রক্ষা করে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু না থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সরকার তিনটি ইউনিট সচল রেখে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে কাজ করছে।”
সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনি পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিনাজপুরের তিনটি আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন এবং বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়া পাথরখনির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, অতীতে দেশীয় খনিজ সম্পদ উপেক্ষা করে বিদেশ থেকে পাথর ও অন্যান্য খনিজ আমদানির কারণে মধ্যপাড়া পাথরখনি বড় সংকটে পড়ে। বর্তমান সরকারের উদ্যোগে খনিটির কার্যক্রম পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।





















