মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর, গায়ক নোবেল আটক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
বিতর্ক পিছু ছাড়ে না গায়ক মাইনুল আহসান নোবেলের। সম্প্রতি ইডেন কলেজের এক ছাত্রীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। এবার মদ্যপ অবস্থায় এক গাড়ি চালককে মারধরের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান।
তিনি বলেন, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় এক উবার চালকের সঙ্গে মারামারি করেন নোবেল।
সেই উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করে স্ত্রী সালসাবিল মাহমুদকে নিয়ে হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল। গন্তব্যস্থলে যাওয়ার পরও তিনি গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে উবার চালককে মারধর করেন।
উবার চালক বলেন, ‘ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে মিরপুর থানা পুলিশ নোবেল ও ওই ড্রাইভারকে আটক করে।’
প্রসঙ্গত, ক’দিন আগে রাজধানীর ডেমরা থানায় অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল ডেমরা থানা পুলিশ। পরে সেই মামলার নিষ্পত্তি হয় অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে।





















