পঞ্চগড়ে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ী ভজনপুর কলেজ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে কলেজভিত্তিক ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছে তেঁতুলিয়ার ভজনপুর ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীরা। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন একই কলেজের প্রশিক্ষণার্থী মোছা. নুরিমা আক্তার নিশি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ভজনপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল—‘দুর্যোগ ও সংকট মোকাবেলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী নয়, জনগণই জননিরাপত্তায় প্রথম প্রতিরক্ষা’।
এতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ এবং তেঁতুলিয়ার ভজনপুর ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ভজনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. রাজিউল হাসান রাজিব ও সহকারী অধ্যাপক মোছা. আঞ্জুমান নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, তেঁতুলিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সুজন রানা, বোদা উপজেলা প্রশিক্ষক অমলেন্দু সাজোয়াল, তেঁতুলিয়া উপজেলা প্রশিক্ষক মো. এরশাদুজ্জামান, উপজেলা প্রশিক্ষিকা মিতু রায়সহ ইউনিয়ন কমান্ডার ও ব্যাটালিয়নের সদস্যরা।
গত ১ নভেম্বর এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপের দ্বিতীয় ব্যাচে পঞ্চগড়ের তিনটি কলেজে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কলেজগুলো হলো—বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ, তেঁতুলিয়ার ভজনপুর ডিগ্রি কলেজ এবং দেবীগঞ্জের সোনাহার বিএম অ্যান্ড টেকনিক্যাল কলেজ। প্রতিটি কলেজ থেকে ৮০ জন করে মোট ২৪০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেন।
এদিকে, দেবীগঞ্জ উপজেলার সোনাহার বিএম অ্যান্ড টেকনিক্যাল কলেজে প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে প্রশিক্ষণার্থীদের দুই দলে ভাগ করে একটি প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়।
























