দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই শীর্ষ নেতার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। স্থগিত হওয়া নেতারা হলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস এবং যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন। তাঁদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কেন্দ্রের সিদ্ধান্ত, অবগত নন জেলা আহ্বায়ক
তবে কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তের বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন।
তিনি বলেন, কয়েকজন নেতাকর্মী তাঁকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।























