স্কুলের পরিত্যক্ত কক্ষে গান পাউডার, মিলল ৫০ ককটেল সদৃশ বস্তু

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার ও অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার ভোরে উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা।
দুপুর পর্যন্ত ঘটনাস্থলটি নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছানোর পর ককটেল সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করার কথা রয়েছে।
এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার এবং অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়।
তিনি বলেন, উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছালে সেগুলো নিষ্ক্রিয় করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল।
এসআরবি কর্মকর্তা আরও জানান, অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।























