রাজাপুরে ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী হোসেন মোল্লা ওই গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে। পুলিশ জানায়, ২০২২ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি তিনি। মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকায় শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকার দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে আলী হোসেন মোল্লা তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ফুহাত মীরের সহায়তায় জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন আলী হোসেন। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর কাউকে কিছু না জানানোর জন্য ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, মামলার পলাতক আসামি আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।























