কুয়াশার চাদরে জয়পুরহাট, বাড়ছে শীতের অনুভূতি

- সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা। ভোরের কুয়াশা আর হিমেল বাতাসে বদলে যাচ্ছে প্রকৃতির চেনা রূপ। শরৎ-হেমন্তের বিদায়বেলায় গ্রামীণ জনপদে অনুভূত হচ্ছে শীতের আগমনি বার্তা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন মাঠঘাট, গ্রামীণ সড়ক ও জনপদ কুয়াশার চাদরে ঢাকা পড়ে। কোথাও হালকা, কোথাও মাঝারি কুয়াশায় ঝাপসা হয়ে আসে চারপাশ। ভোরের সোনালি রোদ আর কুয়াশার লুকোচুরি তৈরি করে মনোরম পরিবেশ। প্রকৃতির এমন রূপ মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের।
সকালে গ্রামাঞ্চলের অনেক স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদের দেখা মিললেও সন্ধ্যার পর হিমেল বাতাসে বাড়ছে ঠান্ডার অনুভূতি।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এদিকে ঋতু পরিবর্তনের এই সময়ে শীতজনিত রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে দিনে গরম থাকলেও রাত ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই তারতম্যে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
তিনি বলেন, এ সময় থেকেই গরম কাপড় ব্যবহার করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অসুস্থতা দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।





















