টাইটানিকের প্রথম যাত্রা দেখার টিকিটই নিলামে, দাম হতে পারে ৮২ লাখ টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
এক শতাব্দীরও বেশি সময় আগে ডুবে যাওয়া টাইটানিকের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি বিরল স্মারক। জাহাজটির প্রথম সমুদ্রযাত্রা দেখতে দর্শনার্থীদের জন্য ইস্যু করা একটি টিকিট এবার উঠছে নিলামে। এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ৫০ হাজার পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা ৮২ লাখ টাকারও বেশি।
সোমবার (১৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে টাইটানিকের প্রথম যাত্রা শুরুর দিন জাহাজটি দেখতে গিয়েছিলেন এলিজা ডিবডেন। তাঁর কাছে থাকা সেই বিরল টিকিটটিই এবার নিলামে তোলা হচ্ছে। সেদিন তাঁর ১৮ বছর বয়সী ছেলে উইলিয়াম জাহাজটিতে উঠেছিলেন। কিন্তু টাইটানিকের সেই যাত্রাই হয়ে ওঠে তাঁর জীবনের শেষ যাত্রা।
নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন লিমিটেডের অ্যান্ড্রু অ্যালড্রিজের ভাষ্য, এ ধরনের টিকিট আগে কখনো নিলামে তোলা হয়নি। আগামী ২১ নভেম্বর ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরে নিলামটি অনুষ্ঠিত হবে।
টিকিটটি শুধু একটি প্রবেশপত্র নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক পরিবারের ব্যক্তিগত ইতিহাস। এতে হোয়াইট স্টার লাইন কোম্পানির পতাকার প্রতীক রয়েছে। জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে লেখা টিকিটে অনুরোধ করা হয়েছিল, ‘মি. ট্যালবট ও তাঁর দুই বন্ধুকে এসএস টাইটানিক দেখার অনুমতি দিন।’ এতে ‘সেকেন্ড ক্লাস’ সিল এবং ১০ এপ্রিল ১৯১২ তারিখ উল্লেখ রয়েছে। পেছনে হাতে লেখা নোটে পাওয়া যায় ‘মিসেস ডিবডেন ও তাঁর দুই বোন’ কথাটি।
এলিজা ডিবডেনের ছেলে উইলিয়াম ইংল্যান্ডের নিউ ফরেস্ট এলাকার বাসিন্দা ছিলেন। চাচাতো ভাই অ্যামব্রোস হুডসহ কয়েকজন তরুণের সঙ্গে তিনি টাইটানিকে ভ্রমণ করেছিলেন। কিন্তু ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এতে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়, যাঁদের একজন ছিলেন উইলিয়াম।
উইলিয়ামের মরদেহ উদ্ধার করা হয়ে থাকলেও তা শনাক্ত করা সম্ভব হয়নি। ব্রামশোর সেন্ট পিটার্স চার্চে তাঁর মা-বাবার সমাধিফলকে ছেলের স্মৃতি ধরে রাখা হয়েছে।
নিলামে শুধু টিকিটটিই নয়, বিক্রি হবে উইলিয়ামের প্রথম কমিউনিয়ন গ্রহণের সনদও। ১৯০৮ সালের ইস্টার উপলক্ষে তাঁকে সনদটি দেওয়া হয়েছিল। অর্থাৎ টিকিটের সঙ্গে নিলামে উঠছে এক তরুণের জীবনের আরেকটি ব্যক্তিগত স্মৃতিচিহ্ন।
অ্যান্ড্রু অ্যালড্রিজ জানান, গত ২৫ বছরে তাঁরা এ ধরনের মাত্র একটি কার্ড দেখেছেন। সাম্প্রতিক বছরগুলোতে নিলামে ওঠা টাইটানিক-সংশ্লিষ্ট স্মারকগুলোর মধ্যে এটিকে অন্যতম বিরল বলে মনে করছেন তিনি।
এ নিলামে টাইটানিকের ইতিহাসের আরও কিছু নিদর্শন থাকছে। এর মধ্যে রয়েছে জাহাজটির কাঠামোর বিমাসংক্রান্ত একটি হিসাবখাতা এবং জ্যেষ্ঠ বেতার অপারেটরের লেখা একটি দুর্লভ পোস্টকার্ড। প্রথম যাত্রার কয়েক দিন আগে নিজের বোনকে পোস্টকার্ডটি লিখেছিলেন ওই কর্মকর্তা।
একটি জাহাজ দেখার অনুমতিপত্র—যার সঙ্গে জড়িয়ে আছে হারিয়ে যাওয়া এক তরুণের স্মৃতি ও পরিবারের বেদনা। সময়ের ব্যবধানে সেই টিকিট এখন ইতিহাসের দুর্লভ দলিল, যার মূল্য নির্ধারণ হবে নিলামের দরেই।























