জলবায়ু ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, শর্তহীন অর্থায়নের দাবি লক্ষ্মীপুরে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়নের দাবি জানিয়েছে লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু মোকাবিলায় ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা সিডব্লিউডিএর (CWDA) নির্বাহী পরিচালক পারভিন হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার মানিক হোসেন, নারী উদ্যোক্তা হুমায়রা রশিদ ও উম্মে আকলিমা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সদস্য রেজাউল করিম পারভেজ।
বক্তারা বলেন, বিশ্বে মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম করে বাংলাদেশ। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ দেশের কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠী। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের ক্ষতির প্রায় ১০ গুণ।
তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে। কিন্তু ক্ষতির তুলনায় ক্ষতিগ্রস্ত মানুষ প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না। বিশেষ করে কৃষি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কার্যকর উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি।
বক্তারা বলেন, জলবায়ু সংকটের দায় বাংলাদেশের তুলনামূলকভাবে কম হলেও এর অভিঘাত বহন করতে হচ্ছে দেশের কৃষক ও সাধারণ মানুষকে। তাই জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন ও ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে খাদ্য নিরাপত্তা, কৃষি এবং পরিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করতে হবে।






















