শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে আট বছর ভারতে বসবাস
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
শ্বশুরকে নিজের বাবা পরিচয় দিয়ে প্রায় আট বছর ধরে ভারতে বসবাসের অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। সম্প্রতি পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন করতে গিয়ে ধরা পড়েন তিনি। নথিতে যুবকের বাবার নামের সঙ্গে তাঁর স্ত্রীর বাবার নামের মিল দেখে সন্দেহ হয় পুলিশের। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে পরিচয় গোপন করে ভারতে থাকার তথ্য। এ ঘটনায় ওই যুবক ও তাঁর শ্বশুরকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানার পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম ইমরান হোসেন মোল্লা। বাংলাদেশে তাঁর নাম ছিল ইমরান হোসেন শরিফ। তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উস্তি থানার জগদীশ নগরের বাসিন্দা পিয়ার আলি মোল্লাকেও।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার জগদীশ নগরে বসবাস শুরু করেন ইমরান। সেখানে পিয়ার আলি মোল্লাকে নিজের বাবা পরিচয় দেন তিনি। পরে পিয়ার আলির মেয়েকে বিয়ে করেন। এরপর শ্বশুরের ছেলে পরিচয় ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানেও যাতায়াত করতেন ইমরান।
সম্প্রতি পাসপোর্টের আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য ডিআইবি কার্যালয়ে যান তিনি। নথি যাচাই করতে গিয়ে পুলিশ দেখতে পায়, ইমরান হোসেন মোল্লার বাবার নাম পিয়ার আলি মোল্লা। আবার তাঁর স্ত্রীর বাবার নামও একই। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ইমরান বাংলাদেশের নাগরিক। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার নিয়ামতপুর-নোয়াখালী এলাকায় বলে পুলিশ সূত্রের দাবি। বাংলাদেশে তাঁর নাম ছিল ইমরান হোসেন শরিফ।
পরে উস্তি থানার পুলিশ ইমরান হোসেন মোল্লা ও পিয়ার আলি মোল্লাকে গ্রেপ্তার করে। তাঁদের ডায়মন্ড হারবার আদালতে হাজির করা হয়েছে।





















