পরাজিত শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মব ঠেকাতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা; আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানালেন সালাহউদ্দিন আহমদ
পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশে নতুন করে কোনো মব বা সংঘবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেন মন্ত্রী।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসীদের আক্রমণ থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পারবে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন হয়—এমন কোনো কার্যক্রম করেনি। তবে সরকারের এই উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না। এই সরকারের আমলে তাদের আয়নাঘরে যেতে হবে না, কোথাও অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না।’
সংসদে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
মন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া পার্বত্য অঞ্চলে ২৯৭টি অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে বলে সংসদে জানান তিনি।
লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চেয়েছিলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সে তথ্যও জানতে চান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা রক্ষার অবস্থান ও পদক্ষেপের বিষয়ও উঠে আসে।





















