নিজস্ব প্রতিবেদক
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্তে ১৬ নভেম্বর ইসির বৈঠক

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পাঁচ ধাপে ভোটের প্রস্তুতি, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র উৎপাদন ও বিতরণের জন্য পৃথক পারসোনালাইজেশন সেন্টার স্থাপনের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বরের সভায় প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। সভায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে কোন ধাপে কোন ইউনিয়নে ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
কমিশনের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। প্রাথমিক সূচি অনুসারে, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন পরিচালনার নীতিমালা অনুযায়ী, প্রতিটি ধাপে জেলা সদর উপজেলা ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে কমিশন। প্রাথমিক পরিকল্পনায় প্রথম ধাপেই দেশের প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের সম্ভাবনা রয়েছে।
ইউপি নির্বাচনের পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার বিষয়েও ১৬ নভেম্বরের সভায় আলোচনা হবে। নাগরিকদের স্মার্ট এনআইডি উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণ কার্যক্রম আরও কার্যকর করতে নিবেদিত পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে কমিশন।
তবে পাঁচ ধাপের সম্ভাব্য তারিখ ও কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, তা ১৬ নভেম্বরের সভায় আলোচনার পরই চূড়ান্ত হবে।





















