আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনার মধ্যে তাঁর পক্ষ নিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, আইজিপির বক্তব্য প্রচলিত আইন ও বিধিবিধানের কঠোর বাস্তবায়ন এবং অপরাধ দমনে পুলিশকে আরও দৃঢ় করার সময়োপযোগী আহ্বান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে পুলিশ ক্যাডার কর্মকর্তাদের এই পেশাগত সংগঠনটি আইজিপির বক্তব্যের তাৎপর্য তুলে ধরে। তবে বিবৃতিতে সরাসরি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করা হয়নি।
এর আগে সোমবার রাজধানীর চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেছিলেন, আইন ও সংবিধান অনুযায়ী যেখানে যেমন প্রয়োজন, সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতেও পিছপা হবে না।
একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা নিয়ে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইজিপি বলেন, পুলিশ কঠোর হলে ফ্যাসিস্ট আর নীরব থাকলে দুর্বল বলা হয়। কাজ করার পরিবেশ ও ক্ষমতায়নের সুযোগ না দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
আইজিপির এমন বক্তব্যের পর দেশজুড়ে সমালোচনা শুরু হলে তাঁর বক্তব্যের পক্ষে অবস্থান জানিয়ে বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
‘আইনের সীমার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান’
বিবৃতিতে সংগঠনটি জানায়, আইজিপির বক্তব্যের মূল তাৎপর্য হলো আইনের সীমার মধ্যে থেকে পরিস্থিতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া এবং পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস বাড়ানো।
সংগঠনটির মতে, অপরাধ দমনে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ দ্বিধাগ্রস্ত হলে অপরাধীরা উৎসাহিত হবে। এতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্ট-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, ‘মব কালচার’ এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে আইজিপির বক্তব্যকে নেতিবাচকভাবে না দেখে আইন ও বিধিবিধানের আলোকে বিবেচনা করা উচিত।
‘ক্রসফায়ার’ শব্দটি এড়িয়ে যাওয়ার ব্যাখ্যা
বিবৃতিতে সরাসরি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার না করার কারণ জানতে চাইলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন গণমাধ্যমকে বলেন, সব বিষয় বিবেচনায় নিয়েই তাঁরা বিবৃতি দিয়েছেন।
তিনি জানান, পুলিশকে জনবান্ধব ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করতে চান তাঁরা।
তবে আইজিপির বক্তব্যকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ক্ষমতা প্রয়োগের সীমা এবং ‘ক্রসফায়ার’ নিয়ে তাঁর মন্তব্য। অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আইনের মধ্যে থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও ‘ক্রসফায়ার’ প্রসঙ্গে সরাসরি কোনো অবস্থান জানানো হয়নি।





















