ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যেক ধর্মাবলম্বীর বিশ্বাস, আচার ও ধর্মীয় অনুষ্ঠান তাঁদের হৃদয়ের খুব কাছের। তাই অন্যের ধর্মীয় বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ বলা উচিত। কারণ, দেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। ধর্মের পরিচয়ের ভিত্তিতে কারও প্রতি বৈষম্য করা যাবে না।
তিনি বলেন, “আমরা কেউ এখানে সম্প্রদায় হতে আসিনি। আমাদের দেশের আইনকানুন কেউ কাউকে সম্প্রদায় বলে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সিটিজেন, সবাই সমান অধিকারের অধিকারী।”
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধান সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় প্রতিষ্ঠা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করেছে। তাই প্রত্যেকের ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব।
দুর্গাপূজার আয়োজন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার দেশে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ সরকারি বরাদ্দ এবং সর্বোচ্চ ছুটি রয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ যাতে নির্বিঘ্নে উদ্যাপন করা যায়, সে জন্য সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং বনানী ও গুলশান এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















