জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সুযোগ

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব (মূল্য সংযোজন কর মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত বিধান সংশোধন করে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নতুন বিধান কার্যকর হওয়ায় এনবিআরের ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার পূর্বনির্ধারিত শেষ সময় ছিল ১৫ অক্টোবর। সময়সীমা বাড়ানোর ফলে করদাতারা অতিরিক্ত ১০ দিন সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।
























