হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
দেশে হামের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ পরিস্থিতি এতে তুলে ধরা হয়েছে।
এক দিনে নতুন উপসর্গ ১,৩৩২ জনের
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ১ হাজার ৬২৫ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৩২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১১৬ জনে।
উপসর্গে মৃত্যু ১,০৪০, নিশ্চিত হামে ১০৪
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।
সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪৭১ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে এরপর রয়েছে— সিলেট: ১৮২ জন, রাজশাহী: ৯৩ জন, চট্টগ্রাম: ৯১ জন, ময়মনসিংহ: ৮০ জন, বরিশাল: ৬১ জন, খুলনা: ৪৬ জন. রংপুর: ১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য বলছে, নিশ্চিত হামজনিত মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা এখনও অব্যাহত রয়েছে।























