আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এর আগে এ দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
মঙ্গলবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায়।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৫ টাকা। আগে এ দাম ছিল ৪ হাজার ৪৯১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪০ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮২ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বাজুস জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

























