বাংলাদেশি বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। বিরল রোগের চিকিৎসাসহ কয়েকটি বিশেষায়িত চিকিৎসায় ব্যবহৃত এসব পণ্য শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে।
মার্কিন বাণিজ্য বিভাগের প্রকাশিত নোটিশে শূন্য শুল্কের আওতাভুক্ত পণ্য ও যোগ্য দেশগুলোর তালিকা দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী, বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, ফার্টিলিটি ড্রাগ, কোষভিত্তিক চিকিৎসা, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি), নির্দিষ্ট মেডিকেল কাউন্টারমেজার এবং পশু চিকিৎসার ওষুধ এ সুবিধার আওতায় রয়েছে। এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও শূন্য শুল্কের আওতায় পড়বে।
বাংলাদেশের পাশাপাশি ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম এ সুবিধার তালিকায় রয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশ ও অঞ্চল থেকে আসা যোগ্য পণ্য শূন্য শতাংশ অ্যাড ভ্যালোরেম শুল্কের সুবিধা পাবে। এ সুবিধার ভিত্তি হিসেবে এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তির কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যালস ও সংশ্লিষ্ট উপাদানের আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই ব্যবস্থার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের উৎপাদন বাড়ানো।
পরবর্তী ঘোষণায় নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধের ক্ষেত্রে উচ্চ শুল্কের বিধান রাখা হলেও, জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানকে সে সময়ের জন্য শুল্ক সমন্বয়ের আওতার বাইরে রাখা হয়।
নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া তালিকাভুক্ত বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ক্ষেত্রে অতিরিক্ত অ্যাড ভ্যালোরেম শুল্কের চাপ থাকছে না। তবে শূন্য শুল্কের সুবিধা কেবল নোটিশে নির্ধারিত পণ্য ও যোগ্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।





















