কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের বৈঠক

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের সম্পর্কের ভিত্তি শক্তিশালী করতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-কুয়েতের যে সম্পর্ক গড়ে উঠেছে, সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত হয়েছে। বর্তমান বাস্তবতায় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশ থেকে কুয়েতে জনশক্তি রপ্তানি বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন দুই নেতা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।
দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বাড়ানোর পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ ও কুয়েতের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতাকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।






















