শিবগঞ্জে বিদেশি পিস্তল-ম্যাগাজিন-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল (৩৩) এবং একই উপজেলার তারাপুর মোড়লপাড়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার।
পুলিশ জানায়, সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পাশের এলাকায় অভিযান চালানোর সময় রফিকুলের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী রুবেল ওরফে ডলারকেও আটক করা হয়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।





















