মহেশপুরে চার মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে চারটি মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. নান্নু মিয়া ওরফে মেহেদী (৩২) গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাজীপোতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের ধরতে পরিচালিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) শেখ সাহিদুর রহমান, এএসআই (নিঃ) মো. রেজা পারভেজসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
গ্রেফতার নান্নু মিয়া ওরফে মেহেদী মহেশপুর উপজেলার বাজীপোতা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মহেশপুর থানার নন-জিআর মামলা নং-২৯/২৬ ও ৩০/২৬-এ দণ্ডবিধির ৫০৬(২) ধারা, কোটচাঁদপুর সিআর মামলা নং-১৮৬/২৬-এ দণ্ডবিধির ৪০৬/৪২৩/৫০৬(২) ধারা এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার সিআর মামলা নং-৭১৩/২৩-এ হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারায় আদালতের পরোয়ানা রয়েছে।
পুলিশের দাবি, এসব মামলায় পরোয়ানাভুক্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নান্নু মিয়া। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ওসি মো. আজাদ রহমান বলেন, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
























