গোসলে নেমে নিখোঁজ, স্লুইসগেটের পানিতে মিলল নারীর মরদেহ

- সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বেলি বিবি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলি বিবি উপজেলার আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালের পাড়ে তাঁর জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার ভোরে স্থানীয় এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি গ্রামবাসীকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হতে পারে।
নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, “আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে দ্রুত এখানে এসেছি। খালের পাড়ে তাঁর কাপড়, সাবান ও জুতা পড়ে ছিল।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























