১০০০ গোলের মাইলফলকে চোখ রোনাল্ডোর, অবসর ভাবনা এখন অতীত

- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বিশ্বকাপের হতাশাজনক বিদায়ের পর একসময় অবসরের কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেই ভাবনা এখন আর মাথায় নেই পর্তুগিজ মহাতারকার। বরং বর্তমান নিয়েই এগিয়ে যেতে চান তিনি। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে মাঠে নামার আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমনটাই জানিয়েছেন রোনাল্ডো।
রোনাল্ডো বলেন, অবসরের বিষয়টি তিনি ভেবেছিলেন। তবে জাতীয় দলকে আরও কিছু দেওয়ার সামর্থ্য আছে বলেই এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট ও কোচের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন তিনি।
পর্তুগালের এই অধিনায়ক বলেন, জাতীয় দল যে লক্ষ্যে এগোচ্ছে, সেখানে নিজের অবদান রাখতে চান তিনি। তবে একসময় যখন মনে হবে দলের জন্য আর প্রয়োজনীয় নন, তখন নিজেই সরে দাঁড়াবেন।
গত নেশনস লিগে রোনাল্ডোর নেতৃত্বেই শিরোপা জিতেছিল পর্তুগাল। এবারও তরুণ ফুটবলারদের পাশে থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে দিতে চান তিনি। তবে তার মূল দায়িত্ব এখনো গোল করা এবং দলকে জেতানো—এমনটাই জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
সমালোচনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রোনাল্ডো। তার দাবি, পর্তুগালের সমর্থকদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রেরণা। কিছু গণমাধ্যমের সমালোচনা নিয়ে তিনি বলেন, দুই দশকের ক্যারিয়ারে এসবের সঙ্গে মানিয়ে নিতে শিখেছেন তিনি।
রোনাল্ডোর কথায়, তরুণ প্রজন্ম তাকে অনুপ্রেরণা হিসেবে দেখে। তাই নিজের কাজ করে যেতে চান তিনি এবং যারা তাকে ভালোবাসেন, তাদের সমর্থনই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন রোনাল্ডো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৭৯। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ২১টি গোল।
রোনাল্ডো বলেন, ১০০০ গোলের লক্ষ্যে পৌঁছাতে চান তিনি। তবে সেটিই একমাত্র উদ্দেশ্য নয়। আর যদি জাতীয় দলের জার্সি গায়ে সেই মাইলফলক স্পর্শ করতে পারেন, সেটি হবে আরও বিশেষ অর্জন।






















