ইয়াবাসহ কোটচাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে মো. জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খন্দকার আব্দুল্লাহ বাশার (৪০) নামের আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিধান কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কলেজ বাসস্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলামের চায়ের দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে তাঁর কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে খন্দকার আব্দুল্লাহ বাশারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৯ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ১১ হাজার ৭০০ টাকা, এবং ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদহ কলেজ স্ট্যান্ডপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। অপর আসামি খন্দকার আব্দুল্লাহ বাশার একই এলাকার শামছুজ্জামানের ছেলে।
এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (নিরস্ত্র) শ্যামা প্রসাদ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
























