রাজপথে বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ : সালাউদ্দিন টুকু

- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তারা মনে করেন। তার অভিযোগ, ওই গোষ্ঠী অতীতে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল এবং এখন বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, তারা আবার ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করেন। সেই পরিস্থিতি থেকে দেশ পরিচালনার দায়িত্ব বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন করে আসছেন। ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো পক্ষ যাতে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জনগণের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে এতে অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লবসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















