সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ঝরেছে ১১৪ প্রাণ, একদিনে হাসপাতালে ৯৫৫ রোগী

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গুর প্রকোপে সেপ্টেম্বর মাসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনেই মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২১১ জনে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫৫ জন ডেঙ্গু রোগী।
গত একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ২৪৬ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২১১ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ১০২ জনের।
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, সেপ্টেম্বরের শেষভাগেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধন ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদারের প্রয়োজন রয়েছে।






















