বকশীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ২৭০০ টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৭০০ টাকাসহ মুরসালিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরসালিন পৌরসভার মেষেরচর এলাকার মুস্তাকিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জামালপুর জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-২ পুলিশের একটি দল পাখিমারা মোড়সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মুরসালিনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৪০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবা ও নগদ টাকাসহ মুরসালিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





















