সংকট কাটলে জ্বালানির মূল্য কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও দেশের ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের ক্ষেত্রে এখনো মূল্য সমন্বয় করা হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সঙ্গে সঙ্গে দেশেও দ্রুত মূল্য কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার চূড়ামনকাটিতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতেও। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জনগণের ওপর চাপ কমাতে সরকার দ্রুত দাম কমানোর পদক্ষেপ নেবে।
তিনি বলেন, ‘সৌদি আরব, দুবাই, কাতার কিংবা যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। বিশ্ববাজার স্বাভাবিক হলে আমরাও দ্রুত আগের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করব।’
কৃষি খাতে উৎপাদন ব্যয় কমানোর পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সেচের খরচ কমাতে পর্যায়ক্রমে কৃষির সেচ পাম্পগুলো সৌরবিদ্যুৎ বা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করা হচ্ছে।
ইতোমধ্যে যশোর সদর উপজেলার হৈবতপুর ও লেবুতলা ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সদর উপজেলার অধিকাংশ সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে কৃষকের সেচ ব্যয় কমবে এবং উৎপাদন খরচ কমিয়ে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন।
সমাবেশে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দার ফারুক ও সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।























