- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
কিশোরকে হত্যা করে অটোভ্যান ছিনতাই, ৯ হাজার টাকায় বিক্রি
পাবনার ফরিদপুরে ১৩ বছরের এক অটোভ্যান চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগে শাহিন আলম ইমন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই করা সেই ভ্যান ৯ হাজার টাকায় কেনার অভিযোগে মুক্তার হোসেন (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুর হাসান মাসুদ।
পুলিশ জানায়, নিহত মো. সাকিব আল হাসান রতনপুর গ্রামের হারিজ উদ্দীনের ছেলে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বাবার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ডেমরা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু দুপুর পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
পরে বিকেল ৫টার দিকে ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি বড়াল নদীর পাড়ে পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের বাবা হারিজ উদ্দীন বাদী হয়ে ফরিদপুর থানায় হত্যা মামলা করেন।
সিসিটিভি ও প্রযুক্তির সহায়তায় শনাক্ত
ওসি মনজুরুর হাসান মাসুদ বলেন, মামলা হওয়ার পর তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার দিঘুলিয়া বাজার থেকে শাহিন আলম ইমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ইমনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা বাজার এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়।
হত্যার কথা স্বীকার, আদালতে পাঠানো
ওসি জানান, জিজ্ঞাসাবাদে ইমন হত্যার ঘটনা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইমন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর (আকন্দপাড়া) গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুর উপজেলার দিঘুলিয়া মধ্যপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
অন্যদিকে, ছিনতাই করা ভ্যানটি কেনার অভিযোগে আটক মুক্তার হোসেন ধানুয়াঘাটা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য।
























