যশোরে র্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক, উদ্ধার ল্যাপটপ-মোবাইল

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
যশোর শহরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব-৬। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চাঁচড়া ডালমিল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর একেএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাঁচড়া ডালমিল এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। পরে সেখানে অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. শাহিন আলম (২৪), শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো. বাপ্পি হোসেন (১৭), মদিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (১৮), কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে মো. সোহেল রানা (১৬), একই গ্রামের মোহাম্মদ হোসেন গাজীর ছেলে শরিফুল ইসলাম (২২), সালাম সরদারের ছেলে মো. ফয়সাল হোসেন (২২), মল্লিকপুর গ্রামের আবেদার রহমানের ছেলে মো. নাজমুল হোসেন (১৮) এবং মড়াগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. মিলন (২৫)।
র্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং জুয়া খেলার স্ক্র্যাচ কার্ড উদ্ধার করা হয়েছে।
মেজর একেএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
























