ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল ইসি, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের যে কর্মপরিকল্পনা নির্বাচন কমিশন (ইসি) সোমবার জানিয়েছিল, তা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছে সংস্থাটি। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের পর এক দিনের ব্যবধানেই অবস্থান পরিষ্কার করল ইসি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে জানানো হয়েছিল, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজন করা হবে। প্রথম ধাপের ভোট হওয়ার কথা ছিল আগামী ১২ নভেম্বর।
তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইসি ঘোষিত তারিখ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ বিষয়ে কিছুই জানে না।
‘চূড়ান্ত নয়’ ইসির কর্মপরিকল্পনা
এ বিষয়ে স্টার নিউজের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, ইউপি নির্বাচন নিয়ে কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল যে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়েছে, তাতে বারবার বলা হয়েছে, এটি চূড়ান্ত নয়। সবকিছু বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একটি সিদ্ধান্তে আসা যাবে, ইনশাআল্লাহ।’
আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর চূড়ান্ত হবে তারিখ
পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানান, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ইউপি নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় এবং আমাদের যারা ভোটগ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত, তাদের নিয়ে আমরা একটি মিটিং করব। মিটিংয়ের ইনপুটের বেসিসে কমিশন শিডিউল চূড়ান্ত করবে।’
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্য নেই
নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব কোনো মন্তব্য করতে রাজি হননি।
আখতার আহমেদ বলেন, ‘প্রতিমন্ত্রী যে মন্তব্যটা করেছেন, সেটার ব্যাপারে কমেন্ট করার দৃষ্টতা আমি দেখাব না। আমার দিক থেকে কোনো মন্তব্য নেই।’
এদিকে, কমিশন এ ঘটনায় বিব্রত কি না—এমন প্রশ্নেরও কোনো জবাব দিতে রাজি হননি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।
























