সিলেটে শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

- সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখররুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।
মাজার কর্তৃপক্ষ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি কিছুক্ষণ মাজার এলাকায় অবস্থান করেন।
রাষ্ট্রপতির মাজারে যাওয়া ও সেখান থেকে বের হওয়ার সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
এর আগে নির্ধারিত সময়ের ১২ মিনিট পর সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতির হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতের কথা রয়েছে।
পরে বিকেল ৩টার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।





















