ইউপি নির্বাচন নিয়ে সরকার কিছু জানে না, আলোচনা হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার অবগত নয় বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি। ভোটের তারিখ ঘোষণা সম্পর্কেও সরকার কিছু জানে না।’
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন জানিয়েছিল, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট হতে পারে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর। এছাড়া চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোট আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। পর্যায়ক্রমে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে।
তবে ইসির নির্ধারিত এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পরই ভোটের দিনক্ষণ নিশ্চিত হবে।
স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি স্তর—ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্যে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।





















