স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, বিএনপির থাকবে সমর্থিত প্রার্থী

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। তবে বিএনপি সমর্থিত নির্দিষ্ট প্রার্থী থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও কোনো প্রার্থী কোন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত, তা স্থানীয়ভাবে ভোটারদের কাছে পরিচিত হতে পারে। তবে এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতায় কোনো প্রভাব পড়বে না।
বিএনপির অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রতিটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে একজন প্রার্থী রাখা হয়। তবে এসব প্রার্থী দলীয় প্রতীকে মনোনয়নপ্রাপ্ত হবেন না; তাঁরা বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।
তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ার বিষয়টি যেমন সত্য, তেমনি কোনো এলাকায় চেয়ারম্যান প্রার্থী কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, সেটিও ভোটারদের অজানা থাকবে না।
সরকার বিএনপি-সমর্থিত প্রার্থীদের কোনো বিশেষ সুবিধা দেবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করা।
তিনি বলেন, আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রার্থীরা যাতে নিরাপদে প্রচার-প্রচারণা চালাতে পারেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ জন্য স্থানীয় প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকারের অবস্থান পরিষ্কার—যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, তাই আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। রাষ্ট্রের দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।






















