বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন। তবে এই সংকট বর্তমান সরকারের তৈরি নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘গ্যাস-বিদ্যুতের কারণে যে সংকট, তাতে জনগণের ভোগান্তিতে সরকার সচেতন। তবে এটা বর্তমান সরকারের তৈরি নয়, এটা ফ্যাসিস্ট সরকারের তৈরি।’
তিনি আরও বলেন, ‘পাশের বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন বা কূপ খনন করা হয়নি।’
দেশের সংকটময় পরিস্থিতিতে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, ‘দেশকে বিপর্যয় পরিস্থিতি থেকে বারবার বিএনপি টেনে তুলেছে।’
তারেক রহমান বলেন, সরকার দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায়। এ ক্ষেত্রে বিরোধী দলকেও সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার।’
সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সংসদের কাছে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক।’





















